মাননীয় প্রেসিডেন্ট খুরেলসুখ,
দু’দেশের প্রতিনিধিবৃন্দ,
সংবাদ মাধ্যমের বন্ধুগণ
নমস্কার!

কেমন আছেন?
প্রেসিডেন্ট খুরেলসুখ এবং তাঁর সঙ্গে আসা প্রতিনিধিদের ভারতে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত।

ছয় বছর বাদে মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি ভারতে এসেছেন। এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই বছর ভারত ও মঙ্গোলিয়া কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর এবং কৌশলগত অংশীদারিত্বের ১০ বছর উদযাপন করছে। এই উপলক্ষ্যে আমরা একটি যৌথ ডাকটিকিট প্রকাশ করেছি, যা আমাদের ঐতিহ্য, বৈচিত্র্য ও সভ্যতাগত সংযোগকে তুলে ধরে। 

বন্ধুগণ,
আজ আমাদের বৈঠক শুরু হয়েছে “এক পেড় মা কে নাম” কর্মসূচির আওতায় চারাগাছ রোপণের মধ্য দিয়ে। প্রেসিডেন্ট খুরেলসেখ তাঁর প্রয়াত মায়ের সম্মানে বটবৃক্ষের একটি চারা রোপন করেছেন। এই বৃক্ষ পরিবেশ রক্ষায় আমাদের দায়বদ্ধতা এবং সুদৃঢ় মৈত্রীর প্রতীক হয়ে থাকবে। 

বন্ধুগণ,
১০ বছর আগে মঙ্গোলিয়া সফরের সময়ে আমাদের সহযোগিতা কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত হয়েছিল। বিগত ১০ বছরে তা আরও শক্তিশালী হয়েছে। 
আমাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা ধীরে ধীরে আরও প্রসারিত হচ্ছে। প্রশিক্ষণ কর্মসূচি থেকে শুরু করে দূতাবাসে প্রতিরক্ষা অ্যাটাশে নিয়োগ সহ একাধিক পদক্ষেপ নিয়েছি আমরা। মঙ্গলিয়ার সীমান্ত সুরক্ষা বাহিনীর কর্মীদের জন্য ভারত খুব শীঘ্রই একটি নতুন দক্ষতায়ন কর্মসূচি চালু করবে। 

বন্ধুগণ,
আন্তর্জাতিক নানা বিষয়ে আমাদের দু’পক্ষের অবস্থান অভিন্ন মূল্যবোধের উপর প্রোথিত। বিভিন্ন মঞ্চে মুক্ত এবং সুস্থিত ভারত – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পক্ষে আমরা সওয়াল করেছি। দক্ষিণ বিশ্বের জন্য আমাদের সওয়াল আরও জোরদার হবে। 
বন্ধুগণ,
ভারত ও মঙ্গোলিয়ার সম্পর্ক কেবলমাত্র কূটনীতির পরিসরেই সীমাবদ্ধ নয়। এর মধ্যে আত্মিক ও আধ্যাত্মিক সংযোগও রয়েছে। আমাদের অংশীদারিত্বের গভীরতা প্রতিফলিত মানুষে মানুষে সংযোগের মধ্য দিয়ে। 
দুটি দেশই বৌদ্ধ মতবাদের ক্ষেত্রে একসূত্রে বাঁধা। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভগবান বুদ্ধের দুই শিষ্য সারিপুত্র এবং মৌদগাল্যায়নের অস্থি আগামী বছর ভারত থেকে মঙ্গোলিয়ায় পাঠানো হবে।
মঙ্গোলিয়ার গান্ডান মনাস্ট্রি’তে পাঠানো হবে একজন সংস্কৃত শিক্ষককে। ১০ লক্ষ প্রাচীন লেখের সংরক্ষণে একটি ডিজিটাইজেশন প্রকল্পের সূচনা হবে খুব শীঘ্রই। গান্ডান মনাস্ট্রির সঙ্গে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আদান-প্রদানের সেতু আরও জোরদার করা হবে। 
কেবলমাত্র কেন্দ্রীয় স্তরেই নয়, আমাদের সম্পর্ক প্রসারিত আরও বিস্তৃত পরিসরে। দু’দেশের সাংস্কৃতিক বন্ধনকে জোরদার করবে লাদাখ স্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ এবং মঙ্গোলিয়ার আরখাংগাই প্রদেশের মধ্যে আজ স্বাক্ষরিত হওয়া চুক্তিটি। 

বন্ধুগণ,
এই দুটি দেশ পরস্পরের সীমান্তবর্তী নয়, কিন্তু ভারত মঙ্গোলিয়াকে বরাবরই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবেই দেখেছে। মানুষে মানুষে সংযোগ আরও প্রসারিত করব আমরা। মঙ্গোলিয়ার নাগরিকদের জন্য চালু হবে ই-ভিসা। ঐ দেশ থেকে তরুণ সাংস্কৃতিক দূতদের বার্ষিক ভিত্তিতে ভারত সফরে ব্যবস্থা করা হবে। 
বন্ধুগণ,
মঙ্গোলিয়ার উন্নয়ন কর্মসূচিতে ভারত এক নির্ভরযোগ্য অংশীদার। 
মঙ্গোলিয়ায় তেল শোধন প্রকল্পে ভারত ১.৭ বিলিয়ন ডলার ঋণ প্রদান করবে। এরফলে, ঐ দেশে জ্বালানী নিরাপত্তা সুদৃঢ় হবে। ঐ প্রকল্পে মঙ্গোলিয়ার নাগরিকদের পাশাপাশি, কর্মসংস্থান হবে ২ হাজার ৫০০-রও বেশি ভারতীয় পেশাদারের। 
দক্ষতায়নের ক্ষেত্রেও সহযোগিতা জোরদার করব আমরা। ভারত – মঙ্গোলিয়া মৈত্রী বিদ্যালয়ে তথ্য প্রযুক্তি সংক্রান্ত অটল বিহারী বাজপেয়ী উৎকর্ষ কেন্দ্র ঐ দেশের যুবক-যুবতীদের আশা-আকাঙ্ক্ষা পূরণে সহায়ক হবে। 
আজ আমরা সাধারণ মানুষের জীবনযাপন উন্নত করতে বেশ কয়েকটি প্রকল্পের কথা ঘোষণা করছি।
ভারত – মঙ্গোলিয়া সহযোগিতার পরিসরে শক্তি, গুরুত্বপূর্ণ খনিজ, রেয়ার আর্ট, ডিজিটাল পরিষেবা, কৃষি ও পশুপালন এবং সমবায়ের মতো ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলিও উদ্যোগী হচ্ছে, যা অত্যন্ত আনন্দের। 

মাননীয়,
আমাদের সম্পর্ক আস্থা ও বন্ধুত্বের দৃঢ় ভিত্তির উপর গড়ে উঠেছে। তাকে পুষ্ট করেছে সাংস্কৃতিক সংযোগ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং বিকাশের প্রশ্নে অভিন্ন দৃষ্টিভঙ্গী। এই কৌশলগত অংশীদারিত্ব আরও প্রসারিত হবে বলে আমি প্রত্যয়ী।
আরও একবার এই ঐতিহাসিক সফরের জন্য এবং ভারতের প্রতি অবিচল দায়বদ্ধতার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। 
অনেক ধন্যবাদ।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
'PM Modi Is One Of Our Greatest Friends': Netanyahu Says Israel Is 'Investing Heavily' In India Ties

Media Coverage

'PM Modi Is One Of Our Greatest Friends': Netanyahu Says Israel Is 'Investing Heavily' In India Ties
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 04 অগাস্ট 2026
August 04, 2026

From Auto PLI to Ramsar Sites: How India is Winning on Every Front Under PM Modi