জাপানের জাতীয় নিরাপত্তা সচিবালয় (এনএসএস) – এর মহাসচিব মিঃ শিগেরু কিটামুরা আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।

জাতীয় নিরাপত্তা সচিবালয়ের মহাসচিব পদে গত সেপ্টেম্বর মাসে দায়িত্ব গ্রহণের পর প্রথম ভারত সফরে আসা মিঃ কিটামুরা’কে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শ্রী মোদী সমগ্র এই অঞ্চলের শান্তি, অগ্রগতি ও নিরাপত্তার জন্য দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের ওপর জোর দেন। প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মিঃ কিটামুরার আলাপ-আলোচনা দ্বিপাক্ষিক সহযোগিতার গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে আরও নিবিড়তর করার পথ সুগম করবে।

জাপানের প্রধানমন্ত্রী মিঃ আবের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী মাসে ভারত – জাপান বার্ষিক শিখর বৈঠকে যোগদানের উদ্দেশ্যে ভারতে তাঁকে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় রয়েছেন।


